১১ জুন, নিজস্ব প্রতিনিধি
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দকে প্রত্যাহার করা হয়েছে।
আজ ১১ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ভৈরব থানা থেকে প্রত্যাহার করে কিশোরগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়। পুলিশের প্রত্যাহার আদেশে ‘জনস্বার্থে’ বা প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেন ভৈরব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু মূসা শেখ।
জানা যায়, গতকাল ১০ জুন বুধবার রাতে ভৈরবে সংঘটিত সংঘর্ষ এবং ঢাকা-সিলেট ও ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার ঘটনার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি সূত্র জানায়। যদিও পুলিশ কর্তৃপক্ষ একথা অস্বীকার করে।
এবিষয়ে ভৈরব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু মূসা শেখ ওসি আতাউর রহমান আকন্দের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি সত্য। প্রশাসনিক কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ভৈরবের মাইক্রোস্ট্যান্ডে ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শহরের কমলপুর ও বাসস্ট্যান্ড এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে ঢাকা-সিলেট ও ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান শেলীর নেতৃত্বে রাত ১২টার পর পর অভিযান চালিয়ে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করা হলে মধ্যরাতের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। ভাংচুর ও লুটপাট হয় কমপক্ষে অর্ধশতাধিক দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
Reporter Name 









