২৬ এপ্রিল, নিজস্ব প্রতিনিধি।
ভৈরবে সাত মাস বয়সী শিশু মুজাহিদ হত্যার ঘটনায় মামলা করায় বাদী মায়ের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে ঘাতক পিতা মিরাজ মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার সাতদিন পর ডোবা থেকে শিশু মুজাহিদের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মা তাসলিমা আক্তার স্বামী ও শাশুড়িসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন থানায় । এরই জেরে ক্ষুব্ধ হয়ে আসামিরা মধ্যরাতে ঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। অগ্নিকাণ্ডে দুটি ঘরসহ আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
নিহত শিশুর মায়ের দাবি, আগুন লাগিয়ে পালানোর সময় আমার ননদসহ স্বামী মিরাজকে সচক্ষে দেখেছেন। এসময় তার সঙ্গে আরো বেশ কয়েকজন ছিলো বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং আগুনের কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছেন বলে জানান থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ।
Reporter Name 









