২৪ এপ্রিল, নিজস্ব প্রতিনিধিঃ
ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের ইমাম হোসেন (১৭) নামের এক কিশোরকের কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের এখনো গ্রেফতার না করায় এক মানববন্ধন ও বিক্ষোভ করে বাদীপক্ষের লোকজন। তারা দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে।
এ ঘটনায় নিহত ইমাম হোসেনের বাবা ঈসা মিয়া বাদী হয়ে ঘটনার চার দিন পর গত ২৭ মার্চ, সোমবার প্রতিপক্ষের ৮০ জনকে আসামি করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অভিযোগ রয়েছে, হত্যার ঘটনার ১মাস পেরিয়ে গেলেও মামলার এজাহারভুক্ত অভিযুক্ত আসামিরা এখনো গ্রেফতার না হওয়ায় তারা প্রকাশ্যে বাদীপক্ষকে হুমকি দিয়ে যাচ্ছে।
অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে আজ শুক্রবার সকাল ১১টায় লুন্দিয়া সিএনজি স্টেশনের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বাদীপক্ষের লোকজন।
মানববন্ধনে মামলার বাদী ইসা মিয়া বলেন, আমার ছেলে ইমাম হোসেনকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় মামলা দায়েরের ১মাস পার হলেও আসামীদের গ্রেফতার করতে পারছেনা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ, মঙ্গলবার রাতে লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির ঈসা মিয়ার ছেলে ইমাম হোসেন বাড়ি থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। পথে একই গ্রামের শেখ বাড়ির লোকজন পূর্ব শত্রুতার জেরে তার গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং পরে মারা যায়।
এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, কয়েকদিন আগে ঘটনার মূল এক আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। বাকীরা পলাতক। তাদেরকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে।
Reporter Name 









