প্রতিমন্ত্রী শরীফুল আলম
২৮ ফেব্রুয়ারি, নিজস্ব প্রতিনিধি
আইনশৃংখলা পরিস্থিতি উন্নয়ন করে দেশের উন্নয়ন করাই হবে আমাদের কাজ। পাশাপাশি সমাজ থেকে মাদক, সন্ত্রাস, দখলবাজি, চাঁদাবাজি দূর করে একটি সুন্দর সমাজ গড়তে হবে। বর্তমানে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম অতিমুনাফায় বাড়ানো যাবেনা। সব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের অনুনরোধ করেন তিনি। দুর্নীতি, লুটপাট যারা করবে তাদেরকে রেহাই দেয়া হবেনা।

বানিজ্য, শিল্প, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম আজ শনিবার সকালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় গণমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন খন্দকার। অতিথি হিসেবে ছিলেন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ফয়জুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হান্নান, থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন প্রমূখ। প্রতিমন্ত্রী এর আগে সকাল সাড়ে ৯ টায় কুলিয়ারচরের দুইজন শহীদ বিল্লাল ও রেফায়েতের কবর জিয়ারত করেন।
প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, শহীদের রক্ত কখনও বৃথা যায়না। গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কুলিয়ারচর ও ভৈরবে কয়েকজন যুবলীগ, ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা করা হয়। সারাদেশে ১৪ শ নিরীহ মানুষ হত্যা করা হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আজকের গণতান্ত্রীক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগনের বিপুল ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আমাদের সরকার প্রতিশোধমূলক কাউকে মিথ্যা মামলা দিয়ে বা মব সৃষ্টি করে কাউকে হয়রানী করবেনা। তবে যারা অন্যায় অপরাধ গুম হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে ছাড় দেয়া হবেনা। প্রধানমন্ত্রীর নির্দেশে ফ্যামেলী কার্ড চালুসহ কৃষি ঋন ১০ হাজার টাকা সুদসহ মওকুফ করা হয়েছে। দেশে শিল্প প্রতিষ্ঠান গড়ে কর্মসংস্থান বাড়ানো হবে। শিক্ষা, সাংস্কৃতি, খেলাধূলা, স্বাস্থ্যসহ সবকিছুর উন্নতি করা হবে। দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট করা যাবেনা। যদি কেউ করে তবে তাদের ছাড় নেই, তাকে জেলে যেতে হবে।
পরে বিকেলে তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
Reporter Name 









