৫ জুন, নিজস্ব প্রতিনিধি:
ভৈরবে এক পক্ষের ব্যালট বক্স ছিনতাইকে কেন্দ্র মৌটুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। এরা হলো মৌটুপী গ্রামের বাকী কর্তার ছেলে রকিব কর্তা (২৭) ও একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান (৩০)।
আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ে বেলা ২.১০ মিনিটে হঠাৎ জাহাঙ্গীর আলম সেন্টু (ঘোড়া মার্কা) ও আবুল মনসুর ( কাপ পিরিচ) প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মাঝে হট্রগোল সৃষ্টি হলে এক পর্যায়ে ভোট কেন্দ্রের ব্যালট বক্স ঘোড়া মার্কার সমর্থকরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো.এনামুল হক সোহান কেন্দ্রটি সাময়িক বন্ধ করে দেয়। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ব্যালেট বক্সের লকার ভাংগা থাকায় কেন্দ্রটির ভোট গ্রহণ স্থায়ীভাবে স্থগিত ঘোষণা করেন। কেন্দ্রটি মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬ শ ৩৬ ভোট।
এ বিষয়ে মৌটুপী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এনামুল হক সোহান বলেন, দুপক্ষের হট্রোগোলের এক পর্যায়ে একটি পক্ষ ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে ব্যালট বক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পরে কেন্দ্রটির ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয় । পরবর্তীতে দায়িত্ব নির্বাহী ম্যাজিস্ট্রট ফরিদ আল সোহান ভোট কেন্দ্রে এসে ব্যালট বক্সের লকার ভাংগা থাকায় ভোট গ্রহণ স্থগিত করে দেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ সফিকুল ইসলাম জানান, মৌটুপী কেন্দ্র স্থগিত ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। এবিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অভিযোগ দিলে তাদেরকে গ্রেফতার দেখানো হবে। তবে এখনও অভিযোগ দেয়নি বলে তিনি জানান।
Reporter Name 









