৯ এপ্রিল, নিজস্ব প্রতিনিধি।
ভৈরবে বৈধ কাগজপত্র ছাড়া রেলওয়ের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর দায়ে ৪ প্রতিষ্ঠান সিলগালাসহ ৬ জনকে আর্থিক জরিমানা ও ৪ জনকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব শহরের ত্রিসেতু সংলগ্নসহ বিভিন্ন এলাকায় রেলওয়ে জায়গায় এই অভিযান পরিচালিত হয়।
কারাদন্ড প্রাপ্তরা হলেন, মোস্তাফিজুর রহমান,
জীবন মিয়া, রোকন মিয়া, আমিন মিয়া।
জানা যায়, ভৈরবে রেলওয়ে কলোনির রেস্ট হাউজের একটি ভবনের ছাদে অবৈধভাবে রেড চিলি নামের একটি রেস্টুরেন্টে স্থাপন, শহীদ হাবিলদার সেতু সংলগ্ন রেলওয়ের জায়গায় জমজম রেস্টুরেন্ট স্থাপন, ভৈরবপুর উত্তরপাড়া চান্দভান্ডার মাজার সংলগ্ন এলাকায় রেলের জায়গায় অবৈধ দোকান নির্মাণ করে ব্যবসাসহ বিভিন্ন দোকানপাট গড়ে উঠে। তাদের মধ্য অনেকেই রেলওয়ে জমি কৃষি লীজ এনে তা বাণিজ্যিক ভাবে দোকান গড়ে ব্যবসা প্রতিষ্ঠান চালানো হচ্ছে। এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে রেলওয়ে কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান করে ৪ প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। এসময় এসব প্রতিষ্ঠানের ৬ জনকে আটক করে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা ও ৪ প্রতিষ্ঠান মালিককে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূ-সম্পত্তি বিভাগীয় কর্মকর্তা শিমুল কুমার সাহা।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন, পূর্বাঞ্চলীয় রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগীয় সহকারি কর্মকর্তা মো.আসাদুজ্জামান, ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাঈদ আহমেদ, ভৈরব রেলওয়ে উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (কার্য) শেখ মোয়জ্জেম হোসেন, আমিন ফারুক হোসেন, কানুনগো সাজ্জাদ হোসেন প্রমূখ।
এবিষয়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূ-সম্পত্তি বিভাগীয় কর্মকর্তা শিমুল কুমার সাহা জানান, ভৈরবে রেলওয়ের জায়গায় অবৈধভাবে দখল করে একটি চক্র স্থাপনা তৈরি করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছে ভাড়া দিয়ে আসছে। এসব অভিযোগের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে সিলগালাসহ ৪ জনকে ১ মাসের কারাদন্ড দেয়া হয়। এছাড়া ৬ জনকে সাড়ে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
Reporter Name 









