২৬ অক্টোবর, নিজস্ব প্রতিনিধি
ভৈরবকে ৬৫ তম জেলা ঘোষনার দাবিতে ছাত্র-জনতা এক মহাসমাবেশ করে। সমাবেশ চলাকালে আন্দোলনকারীরা সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দুইঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে সড়কে বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সড়কে দীর্ঘ আধা কিলোমিটার জুড়ে যানজট বাঁধে। এসময় যাত্রীবাহী বাসের যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।

আজ রোববার সকালে স্থানীয় বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর এই সমাবেশের আয়োজন করে ভৈরবের ছাত্র-জনতা। সমাবেশে অংশগ্রহন করে স্থানীয় বিএনপি, গণ-অধিকার পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বৈষম্য ছাত্র আন্দোলনকারী ছাত্রগনসহ সর্বস্তরের প্রায় ২ হাজার ছাত্র-জনতা। এসময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপি নেতা হাজি শাহিন, মুজিবুর রহমান, আল-মামুন, গণ-অধিকার পরিষদ নেতা ইমতিয়াজ কাজল ও অন্যান্য ছাত্র-জনতা।
সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০০৯ সালের ১৫ অক্টোবর ভৈরবকে ৬৫ তম জেলা করার গেজেট প্রকাশিত হয়। তৎসময়ে একটি কুচুক্রী মহলের বিরোধীতায় জেলা বাস্তবায়ন করেনি হাসিনা সরকার। ভৌগোলিক দিক দিয়ে বন্দরনগরী ভৈরবের গুরুত্ব অপরিসীম। জেলা করার মত সকল সুযোগ সুবিধা ভৈরবে আছে। শীঘ্রই ভৈরবকে জেলা ঘোষনা না করা হলে তীব্র আন্দোলন করে সড়ক, নৌ, রেলপথ বন্ধসহ সকল রাজস্ব আদায় বন্ধ করে দেয়া হবে বলে বক্তারা হুসিয়ারি দেন। দুপুর ১২ টায় সমাবেশ শেষ হলে ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।
Reporter Name 









