২৩ অক্টোবর, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে স্বামী রহিম মিয়া (৩০) কে গ্রেফতার করে Rab সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী ছাবরিনা বেগম রুমকি (২০) ভৈরব থানায় গত ১২ অক্টোবর একটি মামলা করার পর তাকে গতকাল বুধবার রাতে শহরের নদীর পাড় এলাকা থেকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত রহিম উপজেলার টুকচানপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত এক বছর আগে বিয়ের সময় রুমকির পরিবারের পক্ষ থেকে যৌতুক হিসেবে নগদ ২ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকার আসবাবপত্র দেওয়া হয়।
বিয়ের পর থেকে স্বামী রহিম মিয়াসহ পরিবারের অন্য সদস্যরা আরও ৫ লাখ টাকা যৌতুক দাবি করে রুমকির ওপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন চালাত বলে স্ত্রীর অভিযোগ।
ভুক্তভোগী স্ত্রী রুমকি বলেন, “বিয়ের পর থেকেই নানা অজুহাতে আমাকে নির্যাতন করা হতো। যৌতুকের জন্য তারা আমাকে প্রায় সময় নির্যাতন করত । অবশেষে আমি আইনের আশ্রয় নিয়েছি। এদিকে গ্রেফতারকৃত স্বামী তার স্ত্রীর অভিযোগ অস্বীকার করেছে।
এব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) খন্দকার ফূয়াদ রুহানী জানান, একটি যৌতুকের মামলায় বুধবার রাতে Rab সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আজ বৃহস্পতিবার সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Reporter Name 









