১২ ডিসেম্বর, নিজস্ব প্রতিনিধি:
ভৈরবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে মদিনা ফুড প্রোডাক্ট নামের একটি ফ্যাক্টরির অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই। এছাড়া অগ্নিকান্ডের ঘটনায় দুই জন শ্রমিক আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে ভৈরব শহরের কাঠপট্রি এলাকার মদিনা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, হাজী মধু মিয়ার মালিকাধীন মদিনা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরিতে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নি কান্ডের সুত্রপাত হয়ে পুরো ফ্যাক্টরিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে তিন ঘন্টা চেষ্টার পর অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় ফ্যাক্টরিতে থাকা সেমাই, চানাচুর, ময়দা, তৈলসহ আনুমানিক অর্ধকোটি টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ফ্যাক্টরির মালিক হাজী মধু মিয়া জানান, প্রতিদিনের মতই ফ্যাক্টরিতে কাজ চলছিল। রাতে ফ্যাক্টরির শ্রমিকরা তাদের কাজ শেষ করে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ দেখতে পায় ফ্যাক্টরির ভিতরে আগুন ঝলছে। পরে তারা চিৎকার শুরু করলে ফ্যাক্টরির দারোয়ান ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। অগ্নিকান্ডে আমার ফ্যাক্টরির প্রায় ৫০-৬০ লাখ টাকার সেমাই, চানাচুর, তৈল, ময়দাসহ তৈরির সকল সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়।
ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সাব আফিসার মুসা ভূঁইয়া জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক যোগে চেষ্টা চালিয়ে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনা হয়েছে।
Reporter Name 









