১২ নভেম্বর, নিজস্ব প্রতিনিধি:
কিশোরগন্জের কুলিয়ারচরে ৬ বছরের শিশু আবু সালমানসহ ৩ শিশুর বিরুদ্ধে প্রতিহিংসার বশবর্তী হয়ে আদালতে মারামারি ও চুরির মামলা করা হয়েছে। মামলাটি করেন, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পৌর এলাকা নোয়াগাঁও বেপারিপাড়া মহল্লার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মো. আবুল হাসেম। আজ মঙ্গলবার শিশু সালমানের পিতা মনির মিয়া জনপদ সংবাদ প্রতিনিধিকে ঘটনাটি অবহিত করেন।
জানা যায়, আবুল হাসেমের সঙ্গে প্রতিবেশী আ. ছামাদের পুত্র তমিজ উদ্দিনের জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছে। এই বিরোধের জের ধরে গত ২৯শে সেপ্টেম্বর মো. আবুল হাসেম বাদী হয়ে কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-২ এ একটি মামলা দায়ের করেন। যা তদন্ত মামলা নং-৩৩২/২৪। মামলায় গত ৫ই আগস্ট রাত সাড়ে ৮ টায় আবুল হাসেমের বাড়িতে অনধিকার প্রবেশ, ভাঙচুর ও চুরির অভিযোগে তমিজ উদ্দিনসহ ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়। মামলার আসামিদের মধ্যে উপজেলার নোয়াগাঁও বেপারিপাড়া সিরাজুম মুনিরা মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র আবু সালমান (৬), উদয়ন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলের ৮ম শ্রেণির ছাত্র আবু হুরাইরা (১৩) ও ইয়াছিন মিয়া (১৩)সহ একই পরিবারের ২২ জনকে আসামি করা হয়েছে। মামলা করার পর আদালত কুলিয়ারচর থানর ওসিকে ঘটনা তদন্ত করতে নির্দেশ দেন। শিশুদের এভাবে আসামি করে মামলা দায়ের করার কথা প্রচারিত হলে এলাকায় নিন্দার ঝড় ওঠে।
এ ঘটনায় সালমানের পিতা মনির মিয়া আজ মঙ্গলবার দুপুরে জনপদ সংবাদ প্রতিনিধির কাছে অভিযোগে বলেন, আবুল হাসেম মাস্টার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে তাদের ছত্রছায়ায় বিভিন্নভাবে গ্রামের অনেক মানুষকে হয়রানী নাজেহাল করেছে। অনেকের জায়গা সম্পত্তি দখলের চেষ্টা করে। এ কারণে ভৈরবের জাকির মিয়া নামের এক ব্যক্তি ওই আবুল হাসেমের বিরুদ্ধে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৪৩৮/২৩। এখন জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের কারণে রাতের বেলায় ঘটনা দেখিয়ে আমার ৬ বছরের শিশু সন্তানকেও আসামি করেছে। অথচ রাতের বেলায় সালমান একা ঘর থেকে বের হতে ভয় পায়।
এ ঘটনায় কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত শিশুদের আসামি করে মামলা দায়ের করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের মামলায় শিশুদের মানসিকতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা কাম্য নয়।
Reporter Name 









