২৬ মে, নিজস্ব প্রতিনিধি:
ভৈরবে ২০ বছর পর ত্রিপল মার্ডারসহ ৫ মামলার আসামী আসাবুদ্দিনকে (৫০) পুলিশ গ্রেফতার করে। গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কামরাঙ্গিরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের গাজী মাহমুদের ছেলে আসাবুদ্দিন। গত ২০ বছর যাবত সে তার পরিচয় গোপন করে ছদ্মনাম ব্যবহার করে পলাতক ছিল বলে পুলিশ জানায়। আজ রোববার তাকে কিশোরগন্জ আদালতে চালান দেয়া হয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ সফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসাবুদ্দিনের বিরুদ্ধে থানায় ৫ টি ওয়ারেন্ট ছিল। তার মধ্য তিনটি হত্যা মামলার ও দুটি অন্য মামলার। হত্যার ঘটনাগুলি প্রায় দেড় যুগ আগের। গত ২০ বছর যাবত পুলিশ তাকে খোঁজছিল কিন্ত সে ছিল নিখোঁজ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ছদ্মনাম সাহাবুদ্দিন পরিচয়ে সে দীর্ঘদিন যাবত ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় পরিবার নিয়ে বসবাস করে সেখানে জুতার ব্যবসা করছে। কৌশলে সে তার আসল নাম পরিবর্তন করে সেখানে সাহাবুদ্দিন পরিচয়ে কাজকর্ম করছে। এমনকি সেখানে সে প্রতারনা করে তার নাম পরিবর্তন করে জাতীয় আইডি কার্ড করে ফেলে। শনিবার রাতে থানার এস আই নজরুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টিম কামরাঙ্গীরচর এলাকায় গিয়ে তাকে তার বাসা থেকে গ্রেফতার করে। প্রথমে তাকে আটকের পর সে তার আইডি কার্ড দেখিয়ে নাম পরিচয় দিয়েছিল সাহাবুদ্দিন। তারপর পুলিশ তার পুরানো ছবি দেখে নিশ্বিত হয় সে আসল আসাবুদ্দিন। রাতে তাকে থানায় আনার পর রোববার সকালে তার এলাকার লোকজনকে দিয়ে চিন্হিত করা হয় তাকে। পরে সে স্বীকার করে তার আসল নাম। এলাকায় প্রচার ছিল সে বিদেশে পালিয়ে গেছে। ২০ বছর যাবত সে পলাতক ছিল বলে তিনি জানান।
Reporter Name 









