১ মার্চ, নিজস্ব প্রতিনিধি
পবিত্র রমজান উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে নির্ধারিত থাকলেও কিশোরগঞ্জের ভৈরব উপজেলা কার্যালয়ের বিভিন্ন দপ্তরে নেই প্রতিফলন। উপজেলার অধিকাংশ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকছেন না।
রোববার (১ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটে উপজেলা চত্বরে গিয়ে দেখা যায় অধিকাংশ দপ্তরের প্রধান ফটক হয় তালাবন্ধ, আবার কোনোটি খোলা থাকলেও অফিসের চেয়ার ছিল শূন্য।
বিশেষ করে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়, যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা একাডেমিক সুপারভাইজারের কার্যালয়, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তার কার্যালয়, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়সহ গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের নির্ধারিত সময়ে পাওয়া যায়নি। পরবর্তীতে অনেক কর্মকর্তা সকাল ১০টার পর আয়েশি ভঙ্গিতে অফিসে প্রবেশ করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ বলেন, রমজান মাসে সকাল ৯টায় উপস্থিত থাকা বাধ্যতামূলক এর ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নেই। সকল দপ্তরের উচিত নির্ধারিত সময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন করা। যারা এই নির্দেশ অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত থাকবে এবং দায়িত্ব অবহেলা করবে তাদের বিরুদ্ধে যে ধরণের ব্যবস্থা নেওয়া দরকার তা নেয়া হবে বলে তিনি জানান।
Reporter Name 









