২৭ জানুয়ারি, নিজস্ব প্রতিনিধি
ভৈরব বাজার জংশন এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ ৯ ঘন্টা বন্ধ ছিল। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ে স্টেশন সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনটি ভৈরব স্টেশনের ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে ক্রসিং করার সময় আউটার এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে রেললাইনটি সম্পূর্ণ ব্লক হয়ে পড়লে ওই রুট দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। এতে ভৈরব স্টেশনে বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী।
আটকা পড়া ট্রেনের মধ্য কক্সবাজার এক্সপ্রেস ও ঢাকাগামী এগারোসিন্দুর এক্সপ্রেস আটকা পড়ে আছে। এছাড়া কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, ঢাকাগামী চট্টগ্রাম মেইল ও তূর্ণা নিশীথা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন যাত্রাপথে আটকা পড়েছে।
দুর্ঘটনার পরপরই আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে আজ মঙ্গলবার সকাল ৭টায় একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছেছে। রেলওয়ে প্রকৌশলী ও কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
ভৈরব রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ১২ টা ২০ মিনিটে উদ্ধার কাজ শেষ হলে সাড়ে ১২ টায় ট্রেন চলাচল শুরু হয়।
এবিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ ইউছুফ জানান, রাত সাড়ে ৩ টার দিকে দূর্ঘটনাটি ঘটে। পরে আজ সকাল ৭ টায় আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন স্টেশনে পৌঁছে লাইন থেকে বগি উদ্ধার করার পর বেলা সাড়ে ১২ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Reporter Name 









