১৫ ডিসেম্বর, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে রোজিনা আক্তার(৩০) নামে এক নারীর পায়ে কসটেপে মোড়ানো ৭ হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ভৈরব শাখার সদস্যরা। আজ সোমবার বিকালে ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর।
আটককৃত মাদককারবারি রোজিনা আক্তার(৩০) ব্রাক্ষণবাড়িয়ার বিজয় নগর থানার পত্তন গ্রামের উত্তর পাড়া সুরুজ মিয়ার বাড়ির মো. ইয়ামিন মিয়ার স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকালে ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে পশ্চিম পাশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় আশুগঞ্জ থেকে ভৈরবে আসা একটি ভাড়াকৃত মোটরসাইকেল আটক করে তল্লাশি করা হয়। মোটর সাইকেলে রোজিনা আক্তার একাই যাত্রী ছিল। তাকে সন্দেহ হলে আটকের পর তল্লাশি করে তার পায়ে কসটেপে মোড়ানো ৭ হাজার ৯৪০ পিস ইয়াবা পাওয়া যায়।
এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, ভৈরবকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে মাদককারবারিরা। ভৈরব হয়ে মাদক দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা। দিন দিন নারী মাদক কারবারিদের সংখ্যা বেড়েই চলেছে। তাকে মাদকসহ আটকের পর তার বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
Reporter Name 









