২২ মে, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সজীব মিয়া (৩২) নামের এক ট্রাক চালক নিহত হয়। নিহত চালক পটুয়াখালী জেলার বাউফল বট কাজল এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে। গতকাল বুধবার রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিকটে ঘটনাটি ঘটে।
জানা গেছে, ট্রাকচালক সজীব মিয়া মালভর্তি একটি ট্রাক নিয়ে বুধবার রাত তিনটায় ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে সিলেট যাওয়ার পথে প্রকৃতির ডাকে ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিকট ট্রাকটি থামায়। এসময় সেতুর পাশে নিচে নামলে হঠাৎ কয়েকজন ছিনতাইকারী তার ওপর আক্রমন করে তার হাতের মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ঘটনায় হতবাক হয়ে সে ছিনতাইকারীদের বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার মোবাইল ও পকেটের টাকা নিয়ে পালিয়ে যায়। পরে ট্রাকের হেলপার তার খোঁজ নিয়ে দেখতে পায় সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। ঘটনাটি স্থানীয় লোকজনের সহায়তায় থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সজীবকে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার অবস্থা গুরুতর দেখে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে। পরে ঢাকা মেডিকেল কলেজের কাছে নেয়ার পর সে মারা যায়।
এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) খন্দকার ফূয়াদ রুহানী জানান, বুধবার রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিভাবে কে তাকে ছুরিকাঘাত করল তা তদন্ত করা হচ্ছে। শুনেছি ঢাকায় নেয়ার পথে চালক সজীব মারা গেছে। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আমরা আইনগত ব্যবস্থা নিব। ইতিমধ্যই অপরাধীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে তিনি জানান।
Reporter Name 









