১৬ মে, নিজস্ব প্রতিনিধি।
ভৈরবের মেঘনা নদীতে এক দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। অস্ত্রধারী ডাকাতদল বাদাম ব্যবসায়ী শামীম আহমেদের কাছ থেকে নগদ ৩৫ লাখ টাকা লুট করে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার ভোর ৫ টার দিকে ভৈরবের অদূরে আশুগঞ্জ সার কারখানা ও লালপুর এলাকার মাঝামাঝি এলাকার মেঘনা নদীতে। এবিষয়টি শনিবার রাত ৭ টায় নিশ্বিত করেছেন ওই ব্যবসায়ী ও নৌ-থানা পুলিশ।
ভৈরবের বাদাম ব্যবসায়ী শামীম আহমেদ শনিবার রাত ৭ টায় যুগান্তরকে জানায়, আশুগঞ্জ থানা এলাকার লালপুর বাজারে ভোর থেকে সকাল ৯ টা পর্যন্ত বাদামের হাট বসে। এই হাটে ওই এলাকার কৃষকরা তাদের উৎপাদিত বাদাম নিয়ে আসে। তিনি বাদাম ব্যবসায়ী হিসেবে আজ শনিবার ভোর সাড়ে ৪ টায় নগদ ৩৫ লাখ টাকা নিয়ে ভৈরবের নদীর পাড় থেকে সজীব মাঝির ট্রলার দিয়ে লালপুর বাজারে রাওয়ানা দিলে ট্রলারটি আশুগঞ্জ সারকারখানা ও লালপুর বাজারের মাঝামাঝি পৌঁছলে ৬ জনের একটি অস্ত্রধারী ডাকাতদল হঠাৎ একটি ট্রলার নিয়ে তাদের ট্রলারে উঠে পড়ে। এসময় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতরা শামীমসহ তার সাথে থাকা আরও কয়েকজনের কাছ থেকে ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে তিনি বাদী হয়ে এবিষয়ে শনিবার দুপুরে আশুগঞ্জ থানায় একটি মামলা করেন।
ভৈরব নৌ- থানার ইনচার্জ মনির হোসেন এবিষয়ে জানান, ঘটনার খবর পেয়েছি। মামলাটি আশুগঞ্জ থানায় দায়ের করলেও এজাহার তদন্ত করবে নৌ- পুলিশ। তিনি বলেন, ব্যবসায়ীরা সচেতন হতে হবে। এতগুলি টাকা নিয়ে নদীপথে চলাচল করার আগে নৌ- পুলিশকে অবগত করলে আমাদের পুলিশ নদীতে নিরাপত্তা দিয়ে তাদেরকে লালপুর বাজারে পৌঁছে দিত। তাহলে ঘটনাটি ঘটেনা এবং ব্যবসায়ীর টাকাগুলি ডাকাতরা নিতে পারতনা। এখন মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।
Reporter Name 









