২ সেপ্টেম্বর, নিজস্ব প্রতিনিধি।
ভৈরবে বিশেষ অভিযানে স্বপন মিয়া (৪০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ প্রতিবন্ধী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর উত্তর পাড়া এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাকে কুলিয়ারচর থানার একটি মামলার অজ্ঞাত আসামী হিসেবে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি)।
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা স্বপন মিয়া উপজেলার শ্রীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। সে ওই এলাকার মৃত ওমর মিয়ার ছেলে। তার এক পা খুঁরা ( লেংরা)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা স্বপন মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আগে ও পরে সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে তার ভাই মোহাম্মদ মুছা মিয়া বলেন, আমার ভাইয়ের নামে ভৈরব থানায় কোন মামলা নেই। তবে পারিবারিক শত্রুতা রয়েছে অনেকের সাথে। আমার ভাই শারীরিক প্রতিবন্ধী। তাঁর এক পা খুঁড়া ( লেংরা)। প্রতিবন্ধী হিসেবে তার একটি কার্ডও রয়েছে এবং উপজেলা থেকে নিয়মিত সরকারী ভাতা পায়। তিনি বলেন, আমার ভাইকে মিথ্যা অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। বিষয়টি দুঃখজনক। কারন সে ভালভাবে হাঁটতে পারেনা।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে শারীরিক প্রতিবন্ধী হলেও অপরাধী না হওয়ার কোন কারণ নেই। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ভাঙচুর ও নাশকতায় জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
Reporter Name 








