১৯ আগস্ট, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে শতবর্ষী একটি পুরানো বট গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় যুবগীগ নেতা আবদুল্লাহ – আল মামুনের বিরুদ্ধে।
এই ঘটনায় আজ বুধবার সকালে অভিযুক্ত আব্দুল্লাহ- আল মামুনের নাম উল্লেখ্য করে আরো ৭-৮ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা যায়, গত ১৮ আগস্ট মঙ্গলবার বিকেলে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের বানিজ্যিক লিজ নেওয়া জায়গায় মা অটো রাইস মিলের অবস্থান। মিলটির মালিক মামুন। তিনি ভৈরব চেম্বারের সাবেক সভাপতি ছিলেন। ওই মিল চত্বরে একটি শতবর্ষী বিশাল বটগাছ ছিল। সোমবার থেকে মিল মালিক সাবেক যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন কোনো ধরণের সরকারি বা রেলওয়ের অনুমতি ছাড়াই গাছটি কাটা শুরু করেন। পরদিন মঙ্গলবারও গাছ কাটার কাজ চলতে থাকে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য ভৈরব উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) অফিসে নিয়ে যাওয়া হয়। তবে এসময় পুলিশের উপস্থিতির টের পেয়ে তিনি ভূমি অফিস থেকে পালিয়ে যান।
ভৈরব রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (আইডব্লিও) মোয়াজ্জেম শেখ জানান, রেলওয়ের জায়গায় কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধভাবে গাছটি কাটা হচ্ছিল। লোকজনের কাছ থেকে খবর পেয়ে অভিযুক্তকে আটক করে ভূমি অফিসে আনা হলে তিনি সুযোগ বুঝে পালিয়ে যান। এই ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে আমি নিজে বাদী হয়ে আজ বুধবার সকালে থানায় একটি মামলা দায়ের করেছি।
এবিষয়ে অভিযুক্ত মিল মালিক মোঃ আবদুল্লাহ – আল মামুন বলেন, আমি বাংলাদেশ রেলওয়ে থেকে রেলওয়ের খালি জায়গা বানিজ্যিক লীজ গ্রহন করে স্থাপনা করে অটো রাইস মিল নির্মাণ করেছি। আমার মিলের মাঝখানে বটগাছটি থাকায় গাছের পাতা পড়ে ও বাতাসের কারনে আমার ঘরের চালা নষ্ট হচ্ছে। একারনে ক্ষতি থেকে রক্ষা পেতে গাছটির উপরের দিকে ডালসহ কেটেছি। তবে আমি জানতাম না সরকারী গাছ কাটতে কর্তৃপক্ষের অনুমতি লাগে, নতুবা গাছ কাটা যায়না। কাজটা আমি ভুল করেছি। এখন জরিমানা দিতে হলে আমি দিব।
এবিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো দেখা যায়। এসময় গাছ কাটার কোন বৈধ অনুমতির কাগজপত্র দেখাতে না পারায় আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ের জন্য মঙ্গলবার বিকেলে ভূমি অফিসে আনা হয়েছিল। কিন্তু তিনি ফাঁক বুঝে পালিয়ে যান। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।
ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, রেলওয়ের পক্ষ থেকে আজ বুধবার সকালে একটি গাছ কাটার অভিযোগে থানায় অভিযোগ দিয়ে গেছেন। অভিযোগটি পুলিশ তদন্ত করার পর রেকর্ড করে ( এজাহার) আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Reporter Name 









