১৫ জানুয়ারি, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল বুধবার রাতে পৌর শহরের মুসলিমের মোড় সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ভৈরব শহরের নিউটাউন এলাকার ভাড়াটিয়া মো.স্বাধীন মিয়ার ছেলে গরীবুল্লাহ (২৮), ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার হাবুল মিয়ার ছেলে মো.জনি (২৮), উপজেলার কালিকাপ্রসাদের আতকাপাড়া এলাকার ফুল মিয়ার ছেলে মুন্না(২১), কমলপুর এলাকার মো.জিল্লু মিয়ার ছেলে নূর আমিন(১৯) ও সাদেকপুরের রবিউল্লাহ মুন্সিরবাড়ির এমদাদুল হক এর ছেলে আরমান মিয়া ওরফে নোমান (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানা পুলিশের একটি বিশেষ দল জানতে পারে একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রসহ মুসলিমের মোড় সংলগ্ন ফয়সালের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে। তাৎক্ষণিক অভিযানে পুলিশ চারদিক থেকে ঘেরাও করে ওই ৫ জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি রাম দা, ১টি ছোরা, ৪টি টচ লাইট এবং বিভিন্ন স্থান থেকে ছিনতাই ও চুরি করা ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পায়, একদল ডাকাত ডাকাতির পরিকল্পনা করছে। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাদেরকে বুধবার রাতে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Reporter Name 













